আগামীকাল বৃহস্পতিবার এই প্রতিযোগিতার ফাইনাল। গ্রিন ইউনিভার্সিটি ও ফারইস্ট ইউনিভার্সিটির মধ্যে এই ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।
ফাইনাল নিয়ে দুই বিশ্ববিদ্যালয়েই দারুণ আগ্রহ। উৎসবমুখর উত্তেজনা। দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই চলছে নিজেদের খেলোয়াড়দের বাড়তি খাতির-যত্ন। যে করেই হোক শিরোপা নিয়ে ফিরতে হবে। সাফল্যে উদ্ভাসিত হয়ে ছড়িয়ে দিতে হবে নিজেদের বিশ্ববিদ্যালয়ের সুনাম।
গত বছরের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় আরও অনেকের সঙ্গে নিহত হয়েছিলেন ফারাজ আইয়াজ হোসেন। যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাজ সেদিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন বন্ধুদের জন্য।
সেই ফারাজের নামে যে প্রতিযোগিতা, সেখানে হারজিতের চেয়ে বন্ধুত্ব আর পারস্পরিক মমত্ববোধটাই যেন সামনে চলে আসে।
