স্মার্টফোনের বাজারে শীর্ষে কারা?
বাজার গবেষণা প্রতিষ্ঠান কান্তার ওয়ার্ল্ডপ্যানেল প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার যুক্তরাষ্ট্রে অ্যাপলকে হটিয়ে আবারো শীর্ষ অবস্থান দখলে নিয়েছে স্যামসাং। কান্তার ওয়ার্ল্ডপ্যানেলের তথ্য মতে, গ্যালাক্সি এস৮ দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংকে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে গত মার্চ থেকে মে মাস সময়ে অ্যাপলকে পেছনে ফেলতে সহায়তা করেছে।
কান্তার ওয়ার্ল্ডপ্যানেলে বৈশ্বিক ব্যবসা বিভাগের পরিচালক ডোমিনিক সান্নিবো বলেন, চলতি বছরের মার্চ থেকে মে মাস সময়ে স্যামসাংয়ের বাজার দখল ৩২ দশমিক ৯ থেকে বেড়ে ৩৬ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। স্থানীয় প্রতিদ্বন্দ্বী অ্যাপলের বাজার দখল দাঁড়িয়েছে ৩৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে আইফোন ৭ এবং ৭ প্লাস অত্যন্ত জনপ্রিয় দুই ডিভাইস।
জনপ্রিয়তার দিক থেকে এর পরের অবস্থানেই রয়েছে গ্যালাক্সি এস৭ ও এস৮। বাজারটিতে শীর্ষ ১০ জনপ্রিয় ডিভাইস তালিকায় যৌথভাবে আধিপত্য বিস্তার করে আছে অ্যাপল ও স্যামসাং। যুক্তরাষ্ট্রে অন্য ডিভাইস নির্মাতাদের জন্য ব্যবসায় জোরদারের সুযোগ খুবই কম।
এ দিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান কমস্কোর চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজার ঘিরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কম স্কোরের তথ্য মতে, বর্তমানে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে অ্যাপলের বাজার দখল দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯ ও স্যামসাংয়ের ২৯ দশমিক ১ শতাংশ।
