• Breaking News

    all-news6361.com

    all-news6361.com

    প্রাণের মানুষের প্রেমের টানে



    প্রাণের মানুষের জন্য প্রেম একজন পুরুষকে কত দূর নিয়ে যেতে পারে? একেকজন হয়তো একেক উত্তর দেবেন। কথায় বলে, প্রেম অন্ধ। প্রেমের টানে মানুষ অনেক অসাধ্যসাধন করতে পারে। ভারতের ছত্তিশগড়ের এক ব্যক্তির বেলায় যা ঘটেছে—বউয়ের জন্য চুরি করেছেন ৫৬ হাজার রুপি দামের একটি শাড়ি। পরে অবশ্য ধরাও পড়েছেন।
    এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, ছত্তিশগড়ের বিলাসপুরে স্থানীয়ভাবে একটি সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর নাম দেওয়া হয় ‘সাওয়ান সুন্দরী’। প্রতিবছরই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৬ বছর বয়সের প্রমীলা গুপ্ত এবার এতে অংশ নিয়েছিলেন। তাঁর স্বামীর নাম শ্রীকান্ত গুপ্ত।
    শ্রীকান্ত চেয়েছিলেন তাঁর স্ত্রী যেন এই প্রতিযোগিতায় টিকে থাকেন। আর স্ত্রীকে আরও আকর্ষণীয় ও সুন্দর দেখানোর জন্য চাই ভালো পোশাক। কিন্তু দোকানে গিয়ে ভালো শাড়ির আকাশচুম্বী দাম দেখে কিছুটা হতাশ হয়ে পড়েন তিনি। শেষমেশ প্রেমের কাছে পরাজিত হলো নীতি-নৈতিকতা। চুরিই করে ফেললেন একটি শাড়ি। বিলাসপুরের ওই দোকানে শাড়িটির দাম হাঁকা হয়েছিল ৫৬ হাজার রুপি। এটি ছিল বিশেষভাবে নকশা করা একটি শাড়ি।
    বিলাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নসর সিদ্দিকি বলেন, ‘শ্রীকান্ত স্বীকার করেছেন যে ওই শাড়িটি কেনার সামর্থ্য তাঁর ছিল না। কিন্তু প্রতিযোগিতায় সম্প্রদায়ের বিভিন্ন মানুষের সামনে স্ত্রীকে ছোট করতে চাননি তিনি। তাই শাড়িটি চুরি করে স্ত্রীকে উপহার দিয়েছিলেন।’
    শাড়ি চুরির ঘটনায় থানায় অভিযোগ করেন ওই দোকানের মালিক। পরে প্রতিযোগিতার সিসিটিভি ফুটেজে পুলিশ ওই শাড়ি খুঁজে পায়। শাড়িটি পরে র‍্যাম্পে হেঁটেছিলেন প্রমীলা। তা দেখে কয়েকজন দর্শকও পুলিশকে খবর দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ শ্রীকান্ত, তাঁর এক ঘনিষ্ঠ স্বজন ও প্রমীলাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে।

    Fashion

    Beauty

    Travel