এবারও জ্যামাইকা তালওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন সাকিব আল হাসান। কয়েক বছর ধরে আইপিএল, পিএসএলেও নিয়মিত মুখ তিনি। বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলতে খেলতেই এই অলরাউন্ডার বুঝতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে বড় দলগুলোর মনোভাব বদলেছে
সাকিব আল হাসান: মজা তো লাগেই। প্রতিটি টুর্নামেন্টেই নতুন নতুন অভিজ্ঞতা, ভালো লাগা আর রোমাঞ্চ থাকে। ১০-১৫ বছর ধরে ক্রিকেট খেলছি। ভালো লাগা থেকেই খেলে যাচ্ছি।
* আইপিএল ও সিপিএলে পার্থক্যটা কোথায় মনে হয়?
সাকিব: আইপিএলে প্রতি দলে ১০ জন করে বিদেশি খেলোয়াড় থাকে। কোন চারজন খেলবে সেটা নিয়ে প্রতিযোগিতা চলে। ভালো খেলেও হয়তো কম্বিনেশনের কারণে পরের ম্যাচে খেলা যায় না। সিপিএল বা পিএসএলে চারজন মোটামুটি নির্দিষ্টই থাকে। খুব প্রয়োজন না হলে ওরা পরিবর্তন করে না। এ ছাড়া আর কোনো পার্থক্য দেখি না।
* উপভোগের সুযোগটা কোথায় বেশি?
সাকিব: এটা সব জায়গায়ই আছে। খেললে ভালো খেলার প্রতিযোগিতা থাকে, যেটা উপভোগেরও ব্যাপার। না খেললে খেলার জন্য অপেক্ষা থাকে।
* সিপিএলটাই বেশি উপভোগ করেন?
সাকিব: এটার পরিবেশ অন্য রকম। এখানে সিরিয়াসনেসটা মাঠেই। মাঠের বাইরে তেমন ব্যাপার নেই। জায়গাগুলো খুব সুন্দর। সবাই নির্ভার থাকতে পছন্দ করে। সেদিক থেকে বলতে গেলে সিপিএলই বেশি উপভোগ করি।
* গেইলের দলে খেলা…
সাকিব: এ বছর তো সে আমাদের দলে নেই। তবে গত বছর খুব উপভোগ করেছি। তার সঙ্গে বিপিএলেও এক দলে খেলেছি।
* এবার মিরাজও খেলছে…
সাকিব:আমি নিশ্চিত, এ বছর পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ থাকলে আরও দু-একজন যেতে পারত।
* অন্যদের সঙ্গে কেমন কথাবার্তা হয়?
সাকিব: এখন তো অন্য রকম কথাবার্তা হয়। আমাদের সম্পর্কে জানতে চায়। দল হিসেবে আমরা কীভাবে এত ভালো করছি, সে বিষয়ে জানতে চায়। আমরাও এখন বড় দলের খেলোয়াড়দের মতো কথা বলতে পারি।
* অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে কী ভাবছেন?
সাকিব: অস্ট্রেলিয়া আগে আসুক। বড় একটা বিরতি গেল। ওদের বিপক্ষে সিরিজ দিয়ে মৌসুম শুরু হবে। আর ওরা না এলে সরাসরি দক্ষিণ আফ্রিকা গিয়ে খেলাটা আমাদের জন্য কঠিন হবে। আশা করছি, অস্ট্রেলিয়া আসবে এবং ভালো একটা সিরিজ হবে।
* অনুশীলনে কঠিন পরিশ্রম…
সাকিব: প্রতিটি সিরিজের পর যদি দুই-তিন সপ্তাহের বিরতি থাকে আর কন্ডিশনিং ক্যাম্প করা যায়, খেলোয়াড়দের জন্য সেটা ভালো। এতে ফিটনেস নিয়ে বা ব্যক্তিগত সমস্যা নিয়ে নানা কাজ করা যায়।
* অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৫০তম টেস্ট খেলবেন, অনেক বছর লেগে গেল…
সাকিব: আর কয়েক বছর আগের কথা বললে মনে হয় ৩০টি টেস্টই হয়তো খেলতাম। সেদিক থেকে ঠিক আছে। আশা করি অস্ট্রেলিয়া আসবে, আমিও ফিট থাকব।
* নতুন মৌসুমে নতুন কী করতে চাইবেন?
সাকিব: অবশ্যই উন্নতি করতে চাইব। গত বছরের তুলনায় আরও ভালো করতে চেষ্টা করব। উন্নতির তো শেষ নেই। যে জায়গাগুলোয় আমার মনের মতো কিছু হয়নি, সেখানে আরও ভালো করতে চাই।
* ওয়েস্ট ইন্ডিজে বোলিং কঠিন না সহজ?
সাকিব: একটু সহজই। কারণ সেখানে স্পিনারদের জন্য উইকেটে কিছু থাকে।
